ব্রাহ্মণবাড়িয়া সাবরেজিস্ট্রার অফিস

টাকা আত্মসাতের অভিযোগে পিয়ন আটক

অবশেষে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর সাবরেজিস্ট্রার কার্যালয়ের কোটিপতি পিয়ন ইয়াছিন মিয়াকে আটক করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়। ইয়াছিন জেলার বাঞ্ছারামপুর উপজেলার আতুয়াকান্দি এলাকার হাজী মোহন মিয়ার ছেলে।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, রাত সাড়ে ৩টার দিকে থানা এলাকা থেকে ইয়াছিনকে আটক করা হয়। তার অফিসের কর্মকর্তাদের সহযোগিতায় তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০০৬ সালে ইয়াছিন সদর উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ে পিয়ন পদে চাকরি পান। প্রায় সময়ই অফিসের নকল, তল্লাশি ও রেজিস্ট্রেশন ফিসহ চালানের টাকা সোনালী ব্যাংকে জমা দিতে পাঠানো হতো তাকে। কিছুদিন আগে অফিসিয়াল অডিটে তার বিরুদ্ধে ‘কোটি টাকার ঘাপলা’ প্রকাশ পায়। এরপর গা ঢাকা দেন ইয়াছিন। অভিযোগ ওঠে, ব্যাংকের ভুয়া চালান তৈরি করে তিনি ঐ টাকা আত্মসাত্ করেছেন। সামান্য পিয়ন পদে চাকরি করে হয়েছেন অঢেল সম্পদের মালিক।

এদিকে পিয়ন ইয়াছিন নিখোঁজ হওয়ার ঘটনায় গত ২৯ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন সদর উপজেলা সাবরেজিস্ট্রার মো. মোস্তাফিজুর রহমান।