বিভিন্ন স্থানে মুক্ত দিবস উদ্যাপন

গতকাল শুক্রবার দেশের বিভিন্নস্থানে হানাদার মুক্ত দিবস উদ্যাপিত হয়েছে। সংবদদাতা ও প্রতিনিধিদের পাঠানো খবর:

যশোর অফিস : যশোর মুক্ত দিবস উপলক্ষ্যে শুক্রবার জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রফিকুল হাসান কালেক্টরেট চত্বরে ম্যারাথন উদ্বোধন করেন। জাগরণী চক্র ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক অদিতি আরজু, পরিচালক (কর্মসূচি) কাজী মাজেদ নওয়াজ ও পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. আজিজুল হক এ সময় উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম মুক্ত উপলক্ষ্যে শুক্রবার কুড়িগ্রাম মুক্তিযোদ্ধা সংসদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিজয় র্যালি কুড়িগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতার বিজয় স্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নিলুফা ইয়াসমিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, বীর প্রতীক আব্দুল হাই, মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ লাল প্রমুখ।

লালমনিরহাট প্রতিনিধি : জেলা প্রশাসনের  আয়োজনে  সকাল ১০টায় সরকারী হাইস্কুল খেলার মাঠ থেকে র্যালি বের করা হয়। পরে জেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দীন, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক প্রমুখ।

দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা : দুর্গাপুরে শুক্রবার উপজেলা চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের সূচনার মধ্য দিয়ে র্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) ফারজানা খানমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন চুন্নু প্রমুখ।

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা : কলাপাড়া পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল-মামুন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা : মুক্ত দিবস উপলক্ষ্যে শুক্রবার উপজেলা পরিষদের আয়োজনে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে র্যালি বের করা হয়। পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু ছালেহ মোহাম্মদ নূরুল ইসলাম হিরু।

ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি ও বিজয়নগর সংবাদদাতা : বিজয়নগরের চান্দুরা ডাকবাংলা চত্বরে মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডের আয়োজনে মুক্তদিবস উদ্যাপন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগারের সভাপতিত্বে ডাকবাংলা চত্বরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান এ টি আহমেদুল হক চৌধুরী।

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা : পুরাতন মুক্তিযোদ্ধা অফিসে প্রেসক্লাবের আহবায়ক এ কে এম শাহজাহানের সভাপতিত্বে উপজেলার সুধি ও মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, প্রবীণ রাজনীতিক আব্দুল আজিজ সরকার প্রমুখ।