বাগেরহাট শহরের কৃষ্ণনগর এলাকায় হেলাল আকন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ঐ যুবকের মৃত্যু হয়। নিহত হেলাল আকন বাগেরহাট পৌরসভার কৃষ্ণনগর এলাকার শাহজাহান আকনের ছেলে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাগেরহাট পৌরসভার কৃষ্ণনগর এলাকার বাড়ির অদূরে লাঠিসোঁটা নিয়ে হেলাল আকনের ওপর হামলা করা হয়।
পরিবারের বরাত দিয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহাতাবউদ্দীন বলেন, লাঠিসোঁটা নিয়ে একদল লোক হেলাল আকনকে এলোপাতাড়ি পিটিয়ে বাড়ির অদূরে ফেলে রেখে যায়। তার চিত্কারে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিত্সা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত হেলালের মাথার আঘাত ছিল গুরুতর। শুক্রবার সকালে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পূর্ব-বিরোধের জেরে হেলালকে প্রতিপক্ষরা পিটিয়ে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।