ঝিনাইগাতীতে ধর্ষণে সহায়তার অভিযোগে গ্রেফতার এক
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা ঝিনাইগাতীতে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে ধর্ষণে সহায়তার অভিযোগে মফিজউদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় পশ্চিম বাকাকুড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, পার্শ্ববর্তী পানবর গ্রামের মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে নিজের ছেলের বিয়ের জন্য প্রস্তাব দেয় মফিজউদ্দিন। মেয়েটির অভিভাবক বিয়ের প্রস্তাবে রাজি না হলে মফিজউদ্দিন, ছেলে সুজন ও তার লোকজন ২২ অক্টোবর মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে গাজীপুরে নিয়ে যায়। সেখানে আটকে রেখে সুজন তাকে ধর্ষণ করে। পরে ২৯ অক্টোবর ঐ কিশোরী পালিয়ে বাবার কাছে চলে আসে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এস আই আব্দুর রাজ্জাক বলেন, অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি তত্পরতা অব্যাহত রয়েছে।
ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা গৌরীপুর উপজেলা খাদ্য গুদামে সরকারিভাবে আমন ধান সংগ্রহের জন্য লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার স্থানীয় পাবলিক হলে আগ্রহী কৃষকদের মধ্যে লটারি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেজুতি ধর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলালউদ্দিন আহম্মদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকার প্রমুখ।
দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা সোনাতলায় টাটা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার কনসালটেন্ট ও ক্লিনিকে বৃহস্পতিবার দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে রোগী বাছাই ও তালিকা করা হয়। তালিকা অনুযায়ী চোখে ছানি না থাকা রোগীদেরকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ, চশমা ও পরামর্শ দেওয়া হয়। আর ছানি থাকা বাছাই রোগীদেরকে শুক্রবার ঠেঙ্গামারা রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে বিনামূল্যে অপারেশনসহ লেন্স স্থাপন করা হয়। আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশের প্রকল্প ঢাকার লালমাটিয়া আল নূর চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে চক্ষু ক্যাম্পের ব্যবস্থা করা হয়।
মুক্তিযুদ্ধের তাত্পর্য শীর্ষক আলোচনা
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা মেলান্দহে বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তিযুদ্ধের তাত্পর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি ও সৈকত সাহিত্য সংসদ এর আয়োজন করে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ পৌর মেয়র শফিক জাহেদী রবিন। প্রধান আলোচক ছিলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার জাহাঙ্গীর আলম বাবু। মুখ্য আলোচক ছিলেন মেলান্দহ হানাদারমুক্তকারী ও যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার আব্দুল করিম মেম্বার। ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ইত্তেফাকের সংবাদদাতা মো. শাহ্ জামালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সরকার আ.সালাম বকুল, সাবেক মেলান্দহ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এস এম আব্দুল মান্নান প্রমুখ।
শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে চারা বিতরণ
তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা তারাগঞ্জ থানার ওসির উদ্যোগে চারটি বিদ্যালয়ের ১ হাজার শিক্ষার্থীর মধ্যে বৃহস্পতিবার বিকালে বনজ ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। ওসি জিন্নাত আলী তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ চারাগুলো বিতরণ করেন। এ সময় ও/এ বালিকা স্কুল ও কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, তারাগঞ্জ ও/এ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন, তারাগঞ্জ কুর্শা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশিন চন্দ্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
বেকার নারী-পুরুষের মধ্যে রিকশা ও সেলাই মেশিন বিতরণ
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা হেল্পিং হিউম্যানিটি অর্গানাইজেশন সংস্থা ইউকে জগন্নাথপুর উপজেলাসহ সিলেট বিভাগের বিভিন্ন এলাকার ৫৭ জন বেকার নারী-পুরুষের মধ্যে সেলাই মেশিন, রিকশা, পান দোকানের বক্স এবং চারজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে এসব সামগ্রী বিতরণ করেছেন সংস্থার প্রতিনিধিরা। এ উপলক্ষ্যে আলোচনা সভায় হেল্পিং হিউম্যানিটি অর্গানাইজেশন সংস্থা ইউকের চেয়ারম্যান ওমর আলীর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আফু মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিক।