দুর্যোগ ও ত্রাণ বিষয়ক মন্ত্রী ড. মো. এনামুর রহমান বলেছেন, ঢাকা বিশ্বে সবচেয়ে জনবহুল এবং দ্রুত ক্রমবর্ধমান শহর। এর এক বর্গ কিলোমিটারে ৫৬ হাজার মানুষ বাস করে। আমাদের দায়িত্ব হচ্ছে ভবিষ্যত্ প্রজন্মের জন্য বাসযোগ্য করে তোলা। গতকাল শুক্রবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কনফারেন্স ভবনে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। বুয়েটের স্থাপত্য বিভাগের উদ্যোগে ‘আরবান থিংকারস ক্যাম্পাস’ এই অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা অপরিকল্পিত উপায়ে বেড়ে চলছে জানিয়ে মন্ত্রী বলেন, ঢাকাকে স্বাস্থ্যসম্মত, অন্তর্ভুক্তিমূলক, ইতিবাচক পরিবেশসম্পন্ন ও বসবাসযোগ্য করে তোলার জন্য আমাদের চেষ্টা করতে হবে। বাংলাদেশ উচ্চতর মাত্রার ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত। সাম্প্রতিক সময়ে ঢাকা এবং উত্তরবঙ্গের কিছু অংশ দুর্যোগেরও সম্মুখীন হয়েছে।
বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলামের সভাপতিত্বে হাউজিং এবং সেটেলমেন্ট বিষয়ক প্রবন্ধ অধ্যাপক ড. শায়ের গফুর, নগর পরিকল্পনা ও ভূদৃশ্য বিষয়ক প্রবন্ধ অধ্যাপক ড. ফরিদা নিলুফার, শক্তি ও পরিবেশ বিষয়ক প্রবন্ধ অধ্যাপক ড. খন্দকার শাব্বির আহমেদ উপস্থাপনা করেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্থাপত্য ইনস্টিটিউটের (আইএবি) সভাপতি এ আর জালাল আহমেদ।