তিন মানব পাচারকারী আটক বিপুল পরিমাণ পাসপোর্ট জব্দ

রাজধানীতে তিন মানব পাচারকারী গ্রেফতার হয়েছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ পাসপোর্ট ও বৈদেশিক মুদ্রা। র্যাব-৩ বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত খিলগাঁও ও বাসাবোর গোড়ান এলাকায় এই অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানে চার পুরুষ ও এক নারীসহ মোট পাঁচ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। র্যাব-৩ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মেজর জাহাঙ্গীর আলম বলেন, মানব পাচারকারী চক্রের আটক সদস্যরা হলো—ফারুক, তার সহযোগী তৈয়ব ও জাফর। এ সময় তাদের কাছ থেকে ১১৫টি পাসপোর্ট, ভুয়া পাসপোর্ট তৈরির জন্য বিভিন্ন ছবি, ১৮টি ট্রাভেল এজেন্সির কার্ড, বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়। তিনি বলেন, এই চক্রের মূল হোতা ফারুক। তাদের টার্গেট মালয়েশিয়া ও সৌদি আরবে মানব পাচার করা। আমরা আসামিদের জিজ্ঞাসাবাদ করছি। তাদের সঙ্গে আরো যারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।