স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, অপরাধের সঙ্গে কেউ সম্পৃক্ত হতে পারবে না। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ যে লীগই করেন না কেন কোনো অপরাধ করলে তাকে অপরাধী হিসেবেই চিহ্নিত করা হবে। অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক থেকে দূরে থাকতে হবে। মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা থাকা যাবে না। গতকাল শুক্রবার বিকালে লাকসাম বঙ্গবন্ধু পৌর কমিউনিটি সেন্টার কাম অডিটরিয়াম এবং লাকসাম মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়েরের সভাপতিত্বে লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের প্রধান প্রকৌশলী আলহাজ খলিলুর রহমান, কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কিউ এম শাহজালাল মজুমদার, এলজিইডি ও আইইউআইডিপি এর প্রকল্প পরিচালক কাজী মিজানুর রহমান প্রমুখ।