দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে মাইক্রোর ধাক্কা

টাঙ্গাইলের কালিহাতীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের যাত্রী বাবা-মা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচ জন। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পূর্ব টোলপ্ল­াজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়াও বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো ছয় জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টায় এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

কালিহাতী ও ভুঞাপুর সংবাদদাতা জানান, দুর্ঘটনায় নিহতরা হলেন—করিম সরকার (৬০), তার স্ত্রী মাতোয়ারা সরকার (৫০) ও তাদের মেয়ে কানিজ ফাতেমা (৩০)। তাদের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার সাহেদনগর এলাকায়। আহত অপর পাঁচ জনকে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আয়ুবুর রহমান বলেন, গোলচত্বর এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা মারে। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। তারা সিরাজগঞ্জ থেকে মাইক্রোবাস যোগে টাঙ্গাইলে আত্মীয় বাড়ি যাচ্ছিলেন।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, গতকাল বিকালে উপজেলার মহদীপুরে মাহিন্দ্রার ধাক্কায় মোটরসাইকেল আরোহী জনি ইসলাম (২৬) নামে এক ওয়্যারিং মিস্ত্রি নিহত হয়েছেন। তিনি ছত্রাজিপুরের পূর্ব জাহাঙ্গীরপাড়ার আবদুল মতিনের ছেলে ও জেলা মটর মেকানিক্স ইউনিয়নের সদস্য।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, ঢাকা-মাওয়া মহাসড়কের কেয়টখালি নামক এলাকায় গতকাল সকাল ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় চাচা নিহত ও ভাতিজা আহত হয়েছে। ঢাকা থেকে মাওয়াগামী গাংচিল (ঢাকা মেট্র- জ ০৪-০২৬৯) বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান নিতাই কর।

নরসিংদী প্রতিনিধি জানান, গতকাল সকালে রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ডে উলটো পথে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস বাদল মিয়া ভান্ডারী (৫৫) নামে এক পথচারীকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাস ও চালক সালাউদ্দিনকে আটক করেছে পুলিশ। চালকের বাড়ি গাজীপুর জেলার হায়দাবাদ এলাকায়।

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা জানান, গতকাল সকাল ১০টার দিকে হাট থেকে ছাগলের মাথা কিনতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় শ্রী টেপরু কান্ত রায় (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উপজেলার কিশোরগঞ্জ টেংগনমারী সড়কের বাকেরের চালাল নামক স্থানে এ ঘটনায় মোটরসাইকেলের চালক পেয়ারুল ইসলামকে আকট করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি জানায়, গতকাল সকালে সাতক্ষীরার বাইপাস সড়কে সোহাগ পরিবহনের               একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোমেনা খাতুন (২৭) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। মোমেনা খাতুন সদর উপজেলার তালতলা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

পঞ্চগড় প্রতিনিধি জানান, গতকাল সন্ধ্যায় পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার জাহাঙ্গীর আলম (৪২) নামে এক চালক নিহত হয়েছে। আহত হয়েছেন অটোরিকশার তিন যাত্রী। জাহাঙ্গীর আলমের বাড়ি জেলার দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ধুলাঝারি এলাকায়।