সুরের মাদকতা ছড়িয়ে দিলেন অদিতি মহসিন। রবীন্দ্রসংগীতে অনন্য গায়কি অদিতি মহসিনকে সবার থেকে আলাদা আসন দিয়েছে। দর্শকদের হূদয়ে সেই আসন স্থায়ী। তার সুরেলা কণ্ঠস্বর দুই বাংলার রবীন্দ্রপ্রেমীদের শ্রোতাদের মন কেড়েছে। অদিতি মহসিন তার সংগীতজীবনের ২০ বছর পেরিয়ে এলেন। যদিও সংগীতজীবনের ২০ বছর একজন শিল্পীর জন্য কিছুই নয়। অদিতি মহসিনও তা মানছেন। তারপরও ২০ বছর পেরিয়ে এসে নতুন করে শুরু করবার আগে এই দুই দশকের পথচলাকে উদ্যাপন করলেন গানে গানে। এ সময়ে বাংলাদেশের স্বনামধন্য সংগীতশিল্পী অদিতি মহসিনের রবীন্দ্রসংগীতের আসর বসেছিল গতকাল শুক্রবার। ছুটির দিনে রবীন্দ্রনাথের গানের মাদকতাময় সুরে শিল্পী ভাসালেন মিলনায়তন ভর্তি শ্রোতা-দর্শকদের।
এই রবীন্দ্রসংগীতশিল্পীর সংগীত সাধনার দুই দশক পূর্তিতে ‘অরুণ আলোর অঞ্জলি’ শীর্ষক এ সংগীতায়োজনটি শুক্রবার অনুষ্ঠিত হয় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে। অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে ছিল কথন পর্ব। রাজনীতিবিদ থেকে শুরু করে শিল্পী-সাহিত্যিক, নাট্যজনসহ নানা ভুবনের মানুষের উপস্থিতি আলোকিত করেছে আয়োজন।
অদিতি মহসিন মঞ্চে এসে বললেন, আমি মুগ্ধ আপ্লুত এবং ধন্য। সেই সঙ্গে একটু কুণ্ঠিতও আছি। এই ২০ বছর উদ্যাপন এত বড়ো আকার নিয়েছে, আমি ততটা বড়ো শিল্পী কি হয়েছি! শিল্পীর গানের চর্চার জন্য এটা এমন খুব বড়ো সময় নয়। আপনাদের ভালোবাসা, সমাদরে আপনাদের অন্তরে স্থান পেয়েছি। এটা খুব ভালো লাগছে।
বিজয়ের মাসে অদিতি শুরু করেন ‘ও আমার দেশের মাটি তোমার ’পরে ঠেকাই মাথা’ দিয়ে। এরপর আনন্দের উপলক্ষ্য এনে রবীন্দ্রসংগীত ‘আনন্দধারা বহিছে ভুবনে’। অদিতি অনুষ্ঠানের শুরুর ভাগে গাইলেন নিজের পছন্দের কিছু গান। দ্বিতীয় ভাগে শ্রোতা-দর্শকদের অনুরোধে গাইলেন বেশ কটি গান। তবে গতকালের অনুষ্ঠানে প্রার্থনা আর প্রেম পর্বের গানই বেশি গাইলেন তিনি। তিনি গেয়ে শোনান ‘কোন সদূর হতে আমার মনমাঝে বাণীর ধারা’। একে একে আরো গেয়ে শোনালেন ‘কার মিলন চাও বিরহী’, ‘আজি বিজন ঘরে নিশথি রাতে আসবে যদি’, ‘কোথা হতে বাজে প্রেম বেদনারে’। এরপরে ধরলেন কীর্তন সুরে প্রেমের গান ‘হূদয়ের এ কূল ও কূল ভেসে যায় হায় সজনী’ প্রভৃতি গান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ । সভাপতিত্ব করেন উত্সব উদ্যাপন পর্ষদের সভাপতি রামেন্দু মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন অদিতি মহসিন-এর সংগীতজীবনের ২০ বছর পূর্তি উদ্যাপন কমিটির আহ্বায়ক আপন আহসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন নজরুলসংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক প্রমুখ।