জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাইকোর্টে খালেদা জিয়ার রায়ের সময় বিএনপির হট্টগোল সম্পর্কে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি যে স্বাধীনতাবিরোধী চক্রের অংশ, সেটি তারা তাদের আচরণ দিয়ে প্রমাণ করে। বিএনপির জন্য এই ধরনের আচরণ কোনো নতুন ঘটনা নয়। আপনারা জানেন বিএনপি এর আগে কোর্ট প্রাঙ্গণের ভিতরে মিছিল করা থেকে শুরু করে তত্কালীন বিচারপতির দরজায় লাথিও মেরেছিল। শুক্রবার চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি বাংলাদেশের সংসদ ও আইনে বিশ্বাস করে না। তারা সংসদকে তোয়াক্কা করে না। বৃহস্পতিবারের ঘটনাটিও আমি মনে করি ভিন্ন কিছু করেনি। এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।