নবাবগঞ্জে উচ্ছেদের পর ফের রাস্তা দখল

ঢাকার নবাবগঞ্জের পুরাতন বান্দুরা বাজারের ভূমি অফিস সংলগ্ন রাস্তাটি ফের বেদখল হয়ে যাচ্ছে। মাত্র সপ্তাহ দুই আগে সেখানে অভিযান পরিচালনা করে অবৈধ দোকান ও স্থাপনা ভেঙে রাস্তাটি দখলমুক্ত করে ভ্রাম্যমাণ আদালত। কিন্তু এক সপ্তাহের মধ্যেই স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় ফের সেই পুরানো চেহারায় ফিরে আসে নয়নশ্রী ভূমি অফিস সংলগ্ন রাস্তাটি। রাস্তাটি আবারও দখল হয়ে যাওয়ায় ক্ষুব্ধ পথচারীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন ফলের দোকান বসিয়ে আবারও দখল করা হচ্ছে রাস্তাটি। জানা যায়, একটি চক্র সরকারি রাস্তাটি দখল করে দোকান ভাড়া দেয়। তবে এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি সেখানকার দোকানদাররা। অন্যদিকে হয়রানির ভয়ে নিশ্চুপ বাজারের অন্যান্য ব্যবসায়ীরা।

কয়েকজন পথচারী বলেন, প্রশাসন অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙে দেবে আবার দুইদিন যেতে না যেতেই তা দখল হয়ে যাবে—এই অনিয়মই যেন আজ নিয়ম হয়ে দাঁড়িয়েছে। মনে হচ্ছে প্রশাসনের চেয়ে প্রভাবশালীরা ক্ষমতাবান। সরকারি রাস্তায় অবৈধ দোকান বসিয়ে একটি মহল নিয়মিত ভাড়া আদায় করছে দীর্ঘদিন যাবত্। এসব দখলবাজদের আগে আইনের আওতায় আনতে হবে।

এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজু বলেন, সরকারি রাস্তা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় তা ভেঙে দেওয়া হয়েছিল। সেখানে অস্থায়ীভাবে বসার জন্যও কাউকে অনুমতি দেওয়া হয়নি। আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।