গাজীপুর মহানগরীর পূবাইলে ৭০ কেজি গাঁজাসহ মো. জামাল হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র্যাব-১ এর সদস্যরা। শুক্রবার ভোরে পূবাইলের কামারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে গাঁজা ছাড়াও একটি মোবাইল ফোন ও মাদক বহনকারী একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্বে থাকা র্যাব-১ এর এএসপি কামরুজ্জামান জানান, গাঁজার চালানটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে পিকআপে গাজীপুর হয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটির গতিবিধি অনুসরণ করা হয়। পরে পূবাইলের কামারগাঁও এলাকা থেকে গাঁজাসহ পিকআপটি আটক করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত জামাল জিজ্ঞাসাবাদে জানায়, পেশায় সে একজন পিকআপ চালক। দুই বছরের বেশি সময় কাতারে থেকে ২০১৫ সালে দেশে ফিরে আসে। এরপর থেকে সে এই মাদক চক্রের সঙ্গে যুক্ত হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি এড়াতে মাদক ব্যবসার কাজে ব্যবহূত এসব পিকআপ ভ্যানের পাটাতনের নিচে গোপন প্রকোষ্ঠ তৈরি করে তারা। সেই প্রকোষ্ঠেই মাদক বহন করা হয়। এর আগেও একই কায়দায় আরো সাতটি বড়ো মাদকের চালান রাজধানী ও এর আশপাশের জেলায় সরবরাহ করেছে সে। চালানপ্রতি ৩০ হাজার টাকা পেত জামাল।
রোকেয়া দিবসের সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আলোচনা সভা
রোকেয়া দিবস উপলক্ষ্যে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আয়োজনে এক আলোচনা সভা গতকাল সকালে মহানগরীর শিববাড়িতে জেলা বাসদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা সংগঠক নাসরিন জাহানের সঞ্চালনায় নাসিমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ গাজীপুর জেলার সমন্বয়ক কমরেড রাহাত আহমেদ।
সভায় বক্তারা বলেন, ৯ ডিসেম্বর নারী জাগরণের পথিকৃত্ বেগম রোকেয়ার ১৩৯তম জন্মদিন ও ৮৭তম মৃত্যুবার্ষিকী। সমাজে নারীকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। কিন্তু বর্তমান সময়ে সারা দেশে নারী ও শিশু নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে। প্রবাসে কর্মরত নারীশ্রমিক নির্যাতনের শিকার হচ্ছে এবং লাশ হয়ে দেশে ফিরছে। রাষ্ট্রের পক্ষ থেকে বিচার বা প্রতিকারের কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না।