যুক্তরাষ্ট্রে উবারে দুই বছরে ৬ হাজার নারী নিপীড়নের শিকার

অ্যাপভিত্তিক জনপ্রিয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারে যৌন নিপীড়নের ঘটনা বাড়ছে। এতে করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সারাবিশ্বে সমালোচনার ঝড় বইছে। সাম্প্রতিক এক হিসেবে দেখা গেছে, গত দুই বছরে উবারে চড়তে গিয়ে শুধু যুক্তরাষ্ট্রেই ছয় হাজার নারী যৌন নিপীড়নের শিকার হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক রিপোর্টে দেখা যায়, যৌন নিপীড়নের এ ঘটনাগুলো উবারই প্রকাশ্যে এনেছে। সংস্থাটির প্রধান আইনি কর্মকর্তা টনি ওয়েস্ট অবশ্য যৌন নিপীড়নের ঘটনা প্রকাশ্যে আসায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, নিরাপত্তা সংক্রান্ত এসব জটিল বিষয় নিজস্ব উদ্যোগে রিপোর্ট করা একেবারেই সহজ কাজ নয়। সমালোচনার ভয়ে অনেক প্রতিষ্ঠান এসব বিষয়ে নীরব থাকে। এখন ভিন্নভাবে চিন্তা করার সময় এসেছে।  

এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় যৌন সহিংসতা প্রতিরোধ সংস্থার প্রধান ক্যারেন বেকারও বলেছেন, উবারের এ রিপোর্টের মাধ্যমে ভবিষ্যতের সুরক্ষার জন্য কাজ করা যাবে।

উল্লেখ্য, নানা সমালোচনার মুখে ইতিমধ্যে লন্ডনে উবারের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবসায়িক প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের লিফট এবং চীনের দিদি। এ দুটি প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে উবার তাদের যাত্রীদের কীভাবে সুরক্ষা দেবে তা নিয়ে চিন্তায় আছে প্রতিষ্ঠানটি।