আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমানের ছোটো বোন ও ছাত্রলীগের আন্তর্জাতিকবিষয়ক উপসম্পাদক ওয়াদিজ্জামান লিখনের মা জোহরা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুম জোহরা খানমের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। জোহরা খানম গতকাল শুক্রবার সকাল ৯টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী, শুভানুধ্যায়ী রেখে গেছেন।
সিনেমাটোগ্রাফার মাহফুজুর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সিনেমাটোগ্রাফার মাহফুজুর রহমান খানের মৃত্যুতে গতকাল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মাহফুজুর রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল ভোরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।