আজ জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক। সভাপতিত্ব করবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এবারের বিচার বিভাগীয় সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘শান্তি ও উন্নয়নে ন্যায়বিচার’।

সম্মেলনে অতিথি হিসেবে সরকারের একাধিক মন্ত্রী এবং সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ যোগ দেবেন। এছাড়া দেশের অধস্তন আদালতের প্রায় দেড় হাজার বিচারক এতে অংশ নেবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর অধস্তন আদালতের বিচারকদের নিয়ে দ্বিতীয় পর্বে কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে নিম্ন আদালতের বিচারকরা তাদের সমস্যাগুলো তুলে ধরবেন। পাশাপাশি আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকগণ সমস্যা সমাধানে তাদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত : দেশের আদালতসমূহে বিচারাধীন রয়েছে ৩০ লাখের অধিক মামলা। এই মামলা জট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, যুক্তিসংগত কারণ ছাড়াই শুনানি মুলতবি না করা, আদালতের পূর্ণকর্মদিবস ব্যবহারে বিচারকদের আন্তরিক হওয়ার বিষয়ে সম্মেলন থেকে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেওয়া হবে বলে সূত্র জানিয়েছে।