শ্রেষ্ঠ অভিনেতা

 

g  আলী এরশাদ

 

দেশের কথা চিন্তা করে

কান্দে পরাণ নেতার,

বুকে সাগর ব্যথার;

তার কথা আজ করছে প্রচার

টিভি এবং বেতার।

 

নরম সুরে কথা বলেন

দোষ ধরে আর কে তার;

উন্নয়নের সুর তুলে আজ

বাজান তিনি সেতার

 

সময়টা নয় চেতার;

বেচতে জিনিস সইতে হবে

হরেক কথা ক্রেতার।

 

ইশতেহারে প্রকাশ করেন।

ভিশন-মিশন সে তার,

লক্ষ্য হলো বিপুল ভোটে

নির্বাচনে জেতার।

 

এমন করে চরিত্রটা

পাল্টে ফেলে যে তার—

পদক-টদক পাওয়া উচিত

শ্রেষ্ঠ অভিনেতার।