গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে এক কাঠমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম ফিরোজ মোল্যা (৪০)। শনিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। তিনি উপজেলার চর পিঙ্গলিয়া গ্রামের মৃত আলেব মোল্যার ছেলে।
কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, শুক্রবার রাতের কোনো এক সময় এম এ খালেক ডিগ্রি কলেজ মাঠে ফিরোজ মোল্যাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন কলেজ মাঠে ফিরোজ মোল্যার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, নিহতের মাথা, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে কাশিয়ানী থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।