টেস্ট দলের নেতৃত্ব হারানো নিয়ে চিন্তিত নন বলে মন্তব্য করেছেন পাকিস্তান টেস্ট অধিনায়ক আজহার আলী। অস্ট্রেলিয়া সফরে সদ্য শেষ হওয়া দুই টেস্টে হোয়াইটওয়াশ হওয়া সিরিজে ভাগ্য এবং ফর্ম কোনোটাই তার পক্ষে ছিল না বলেন তিনি। আজহার বলেন, ‘অস্ট্রেলিয়া সফরে ফর্ম এবং ভাগ্য কোনোটাই আমার পক্ষে ছিল না। ভালো পারফরমেন্সের লক্ষ্যে ছায়া থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে। অধিনায়কত্ব হারানো নিয়ে আমি ভীত নই। আমার পরিকল্পনা আমি আরো ভালোভাবে বাস্তবায়ন করতে চেষ্টা করব। অস্ট্রেলিয়ার কাছে সিরিজ খুইয়ে আমরা হতাশ। তবে পুরো প্রস্তুতি নিয়েই আমরা সেখানে গিয়েছিলাম। তারণ্যনির্ভর বোলিং আক্রমণ নিয়ে আমাদের ভালো করার একটা সুযোগ ছিল। তবে দুর্ভাগ্যজনকভাবে তারা ভালো করতে পারেনি। এমনকি আমাদের ব্যাটিং অর্ডারও ভালো করতে পারেনি। খারাপ খেলার পর অস্ট্রেলিয়ার মাটিতে ঘুরে দাঁড়ানোটা অসম্ভব। সিরিজে বাবর ও রিজয়োনের ব্যাটিং পারফরমেন্স ছিল দলের জন্য ইতিবাচক। ’