১০ বছর পর টেস্টে ফিরলেন ফাওয়াদ

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার মাটিতে ব্যর্থতার জের ধরে টেস্ট দলে পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সবচেয়ে বড়ো চমক হলো ১০ বছর পর টেস্ট দলে জায়গা পেয়েছেন ফাওয়াদ আলম।

ফাওয়াদ প্রথম শ্রেণির ক্রিকেটে ১২ হাজার রানের মালিক। সর্বশেষ তিনি ২০০৯ সালের নভেম্বরে খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। সে বছরই কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি ক্যারিয়ারের একমাত্র টেস্ট সেঞ্চুরি পান। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে তিনি তুখোড় ফর্মে আছেন, পেয়েছেন চারটি সেঞ্চুরি।

আজহার আলীর নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে আরো জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার উসমান শেনওয়ারি। তিনি এর আগে ১৭টি ওয়ানডে ও ১৬টি টি-টোয়েন্টি খেললেও এখনো টেস্ট অভিষেক হয়নি তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে থাকা মুস্তা খান ও ইফতিখার আহমেদ জায়গা হারিয়েছেন।

আগামী ১১ ডিসেম্বর রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ১৯ থেকে ২৩ ডিসেম্বর করাচির জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটিকে সামনে রেখে আগেই পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এই সিরিজ দিয়েই ১০ বছরেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেট ফিরছে পাকিস্তানের মাটিতে। সর্বশেষ ২০০৯ সালের মার্চে এই শ্রীলঙ্কা দলই পাকিস্তানে টেস্ট খেলেছে। ঐ সফরের ওয়ানডে সিরিজ শেষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের টিম বাসে ১২ জন বন্দুকধারী হামলা করে। ছয় শ্রীলঙ্কান ক্রিকেটার আহত নন। ছয় জন পাকিস্তানি পুলিশসহ মোট আট জন সেদিন সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারায়।

সেই ঘটনার জের ধরে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন একদম নিষিদ্ধ হয়ে যায়। এরপর থেকে খেলতে যায়নি বিশ্ব ক্রিকেটের দেশগুলো। সম্প্রতি সীমিত ওভারের ক্রিকেট দেশটিতে আয়োজিত হলে এবারই প্রথম টেস্ট আয়োজিত হতে যাচ্ছে। গেল সেপ্টেম্বর-অক্টোবরে লঙ্কান দল পাকিস্তানে গিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে। ঐ সময়ই এই সিরিজের ব্যাপারে পাকা কথা হয়ে গিয়েছিল দুই পক্ষে। এবার সেই কথাই রাখছে এসএলসি।

পাকিস্তান টেস্ট স্কোয়াড:

আজহার আলী (অধিনায়ক), আবিদ আলী, আসাদ শফিক, বাবর আজম, ফাওয়াদ আলম, হারিস সোহেল, ইমাম উল হক, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, ইয়াসির শাহ, উসমান শিনওয়ারি।