চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল শনিবার এভারটনের কাছে ৩-১ ব্যবধানে হেরেছে। প্রতিপক্ষের মাঠে ম্যাচটির পঞ্চম মিনিটেই পিছিয়ে পড়ে ব্লুজরা। ব্রাজিল ফরোয়ার্ড রিশার্লিসনের গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা এভারটন ৪৯ মিনিটে ব্যবধান বাড়ায়। ডমিনিক ক্যালভার্ট লুইনের গোলটির তিন মিনিট পর অবশ্য ম্যাচে ফেরার একটা চেষ্টা চালিয়েছিল চেলসি। ৫২ মিনিটে রিয়াল মাদ্রিদ থেকে ধারে পাওয়া মিডফিল্ডার মাতেও কোভাচিচ গোলটি করেন। তবে এরপর সমতাসূচক গোলটির আর দেখা পায়নি চেলসি। উলটো ৮৪ মিনিটে হজম করে বসে আরো ১ গোল। লুইনের ব্যক্তিগত দ্বিতীয় গোলটি ম্যাচের সব অনিশ্চয়তা মুছে দেয়। ফলে অন্তর্বর্তীকালীন কোচ ডানকান ফার্গুসনের অধীনে প্রথম ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়ে ‘টফি’রা।