নেপালকে হারিয়ে ফাইনালে শান্তরা

স্পোর্টস রিপোর্টার

এসএ গেমস ক্রিকেটে টেস্ট খেলুড়ে দেশ বলতে বাংলাদেশ আর শ্রীলঙ্কা। এই দুই দলের ফাইনাল খেলা নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা নয়। তাই হলো। ফাইনালে উঠল এই দুই দল। কিন্তু ফাইনালে ওঠার আগে নেপালকে হারাতে রীতিমতো ঘাম ঝরিয়ে আসতে হলো বাংলাদেশ দলকে।

আগে ব্যাট করে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ গতকাল নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে ৪৪ রানে হারিয়েছে। আগে ব্যাট করা বাংলাদেশ ৬ উইকেটে করেছিল ১৫৫ রান। জবাবে ৯ উইকেটে ১১১ রানে থমকে যায় নেপাল।

আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই দারুণ বিপর্যয়ে পড়ে। বাংলাদেশকে এর আগের ম্যাচগুলোতে ব্যাট হাতে টেনেছেন মূলত সৌম্য সরকার, নাঈম ইসলামরা। কিন্তু গতকাল খেলার শুরুতেই দুই ওপেনারকেসহ ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ৩.৫ ওভারেই ১৬ রানে বাংলাদেশের ৩ উইকেট তুলে নেয় নেপাল। ৩টি উইকেটই নেন নেপালের সাবেক অধিনায়ক প্রকাশ খাড়কা। আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান সৌম্য এদিন করেন মাত্র ৬ রান। এখান থেকে পালটা আক্রমণ শুরু করেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমে ইয়াসির আলীকে নিয়ে চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু ইয়াসির ১৪ রান করে ফিরে আসেন। এরপর আফিফ হোসেন ধ্রুবর সঙ্গে বিধ্বংসী একটা জুটি করেন শান্ত।

ধ্রুব মাত্র ২৮ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৫২ রান করে ফিরে আসেন। কিন্তু শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন শান্ত। তিনি ৬০ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৭৫ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশ যে মোটামুটি স্কোরটা পায়, এটা টপকানোর জন্য নিজেই চেষ্টা করেছিলেন নেপালের অধিনায়ক জ্ঞানেন্দ্র মাল্লা। তিনি ৪৩ বলে ৪৩ রানের একটা ইনিংস খেলেন ওপেন করতে গিয়ে। কিন্তু বাকি সতীর্থদের কাছ থেকে আর সমর্থন পাননি। ফলে এই রানটা তাড়া করে উঠতে পারেনি নেপাল। বাংলাদেশের বোলাররা আঁটোসাঁটো থাকার পাশাপাশি নিয়মিত উইকেট তুলে নিতে পেরেছেন। সুমন খান, তানভির ইসলাম, সৌম্য সরকার ও মেহেদী হাসান ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩: ২০ ওভারে ১৫৫/৬ (শান্ত ৭৫, আফিফ ৫২; প্রকাশ ৩/১৫, আইরি ২/৩১)।

নেপাল: ২০ ওভারে ১১১/৯ (মাল্লা ৪৩; সৌম্য ২/২০, তানভির ২/২০, সুমন ২/২১, মেহেদী ২/৩০)। ফলাফল: বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল ৪৪ রানে জয়ী।