আগৈলঝাড়ায় বিষপানে দুই জনের মৃত্যু

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

আগৈলঝাড়ায় পৃথক স্থানে পারিবারিক কলহসহ বিভিন্ন কারণে বিষপান করে তিন জন আত্মহত্যার চেষ্টা করেছে। এদের মধ্যে সীমা সরকার (২৬) ও রাফিজা বেগমের (২৭) মৃত্যু হয়েছে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল শনিবার উপজেলার কোদালধোয়া গ্রামের সুশান্ত সরকারের স্ত্রী সীমা সরকারের (২৬) শ্বশুরবাড়ির মানুষের সঙ্গে ঝগড়া হলে অভিমান করে বিষপান করেন তিনি। স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে উন্নত চিকিত্সার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করলে পথে সীমার মৃত্যু হয়।

অন্যদিকে, ইউনিয়নের আমবৌলা গ্রামের হাফিজ তাজের সঙ্গে তার স্ত্রী রাফিজা বেগম (২৭) পারিবারিক অশান্তির কারণে বিষপান করে বৃহস্পতিবার উপজেলা হাসপাতালে ভর্তি হয়।

গতকাল শনিবার রাফিজা বেগম চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। মারা যাওয়া রাফিজার ভাই শাহাদাত মোল্লা জানান, গত ১২ বছরের দাম্পত্য জীবনে ১০ বছরের এক পুত্র সন্তান রয়েছে। রাফিজার স্বামী হাফিজ তাজ পাঁচ মাস পূর্বে তার বোনকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করার পর সে বাবার বাড়ি চলে আসে। তার স্বামী কোনো খোঁজখবর না নেওয়ায় অভিমান করে বিষপান করে। অপরদিকে খাজুরিয়া গ্রামের হেলাল গাজীর কলেজ পড়ুয়া ছেলে মাইনুল গাজী পরিবারের সঙ্গে অভিমান করে বিষপান করে। তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।