ইত্তেফাক রিপোর্ট
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) শতবর্ষ উদ্যাপন এবং বাংলাদেশে এর ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন দেশের চার শতাধিক প্রতিনিধি এ সম্মেলনে অংশ নেবেন। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে এ সম্মেলনের উদ্বোধন করবেন। গতকাল শনিবার মতিঝিলে ডিসিসিআই ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আইসিসি বাংলাদেশ, ইউএনএসকাপ, টিএফপি এবং লন্ডন ইনস্টিটিউট অব ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে। সংবাদ সম্মেলনে আইসিসি বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, ডিসিসিআই সভাপতি ওসামা তাসীর ও সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল উপস্থিত ছিলেন। এ সময় জানানো হয়, এই সম্মেলন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য প্রসারে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়ক হবে।