প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে বার্ডোর শোভাযাত্রা ও আলোচনা সভা

ইত্তেফাক রিপোর্ট

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো)-এর উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় শোভাযাত্রা মিরপুর রূপনগর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বার্ডোর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এসময় তিনি তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না। এসময় তিনি বার্ডোর চতুর্থ তলার ওপর পঞ্চম ও ষষ্ঠ তলা এবং ব্রেইল প্রেস তৈরি করে দেওয়ার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন বলে জানান।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম আবদুস সালাম। অনুষ্ঠানে সংস্থার কার্যক্রম তুলে ধরেন বার্ডোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সাইদুল হক। তিনি বলেন, বার্ডো দৃষ্টিপ্রতিবন্ধীসহ অন্যান্য সব প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের জন্য একটি সংগঠন; যা ১৯৯১ সালের ১৭ জুলাই থেকে ২৯ বছর যাবত্ প্রতিবন্ধীদের সমাজে প্রতিষ্ঠাকল্পে কাজ করে আসছে। কর্মশালায় মূল বক্তব্য পাঠ করেন বার্ডোর উপব্যবস্থাপক ফিরোজা খাতুন, বার্ডো কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন উপপরিচালক মো. শহিদ উল্লাহ প্রমুখ।