সোনায় মোড়ানো আরো একটি দিন বাংলাদেশের

নেপালের আকাশে আবারও বাংলাদেশের জাতীয় পতাকা উড়েছে। আবার বাংলাদেশের জাতীয় সংগীত বেজেছে। এবার জাতীয় পতাকা উড়িয়েছেন তিন ক্রীড়াবিদ ভারোত্তোলনে জিয়ারুল ইসলাম ও মাবিয়া আক্তার সীমান্ত এবং ফেন্সিংয়ে ফাতেমা মুজিব। এই তিন স্বর্ণ জয়ী ক্রীড়াবিদ কাল নেপাল মাতিয়ে রেখেছিলেন। তিন স্বর্ণের সঙ্গে আগের চারটি মিলে বাংলাদেশের ঘরে এখন সাতটি স্বর্ণ পদক। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত এসএ গেমসের গত আসরে বাংলাদেশ চারটি স্বর্ণ পদক জয় করেছিল। এবার তা ছাড়িয়েছে। এতে দারুণ খুশি কর্মকর্তারা। তবে আরো পদকের আশায় আছেন বাংলাদেশের ক্রীড়াবিদ এবং কর্মকর্তারা। গেমস চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

দক্ষিণ এশিয়ার গেমস (এসএ গেমস) শুরু হওয়ার প্রথম দিনেই তায়কোন্দো ডিসিপ্লিনে স্বর্ণ জয় করেছিলেন বাংলাদেশের ক্রীড়াবিদ দিপু চাকমা। পরদিন এক সঙ্গে কারাতে ডিসিপ্লিনে তিনটি স্বর্ণ জয়ের খবর দিয়েছিলেন মারজান আক্তার প্রিয়া, আল আমিন ইসলাম এবং হোমায়ারা আক্তার অন্তরা।

গতকাল সকালে গেমসের সপ্তম দিনে ভারোত্তোলনে প্রথম স্বর্ণ পদক জয়ের খবর দেন দেশের আলোচিত ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। এই তারকা আগের দিনও বলছিলেন টেনশনে রয়েছেন। কিন্তু কাল লড়াই করতে নেমে ৭৬ কেজি ওজন শ্রেণিতে মাবিয়া পেছনে ফেলেছেন শ্রীলঙ্কা ও নেপালকে। মাবিয়া আক্তার সীমান্তের পর ভারোত্তোলনে ৯৬ কেজি ওজন শ্রেণিতে জিয়ারুল ইসলাম দেশকে ষষ্ঠ স্বর্ণ পদক এনে দিয়েছেন।

অপ্রত্যাশিত স্বর্ণ উপহার দিয়েছেন ফাতেমা মুজিব। ফেন্সিংয়ে স্বর্ণ পাবে বাংলাদেশ এটা কল্পনাও করেনি কেউ। সব কল্পনাকে ছাপিয়ে এই নারী দেশের জন্য গৌরব এনে দিয়েছেন। তিনি ভারতকেই হারিয়েছেন দুই বার। (আরো খবর খেলার পাতায়)