বরিশালে নিখোঁজের এক বছর পর যুবকের কঙ্কাল উদ্ধার

নিখোঁজের প্রায় এক বছর পর উজিরপুর উপজেলার পূর্ব ওটরা গ্রামের কাজী বাড়ি সংলগ্ন নির্জন স্থান থেকে গত বৃহস্পতিবার সকালে এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঐ কঙ্কাল উদ্ধার করে এবং কঙ্কালের সঙ্গে থাকা জ্যাকেটের পকেটে নিহতের জাতীয় পরিচয়পত্র পেয়ে নিশ্চিত হয় ঐ ব্যক্তি একই গ্রামের হালিম হাওলাদারের পুত্র ও দুই সন্তানের জনক কাওসার হোসেন (৩৫)।

উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল হাসান কঙ্কাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত কাওসার হোসেন চলতি বছরের জানুয়ারি মাস থেকে নিখোঁজ ছিলেন। তিনি জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে গিয়ে কঙ্কালের সঙ্গে থাকা জ্যাকেটের পকেটে জাতীয় পরিচয়পত্র দেখে কঙ্কালের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতের স্বজনরাও কাওসারের নিখোঁজের বিষয়টি জানিয়েছেন। ঘটনাস্থলে মোবাইলের ভাঙা অংশ, মানিব্যাগসহ বেশ কিছু আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন, কাওসারকে হত্যার পর লাশ নির্জনস্থানে ফেলে রাখা হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্তের জন্য সিআইডির একটি টিমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।