মুজিববর্ষ উপলক্ষ্যে ২০২০ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাবর্তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি (মরণোত্তর) দেওয়া হবে। গতকাল শনিবার অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ কথা জানান।
ব্রিফিংকালে উপাচার্য আগামীকাল সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া ঢাবির ৫২তম সমাবর্তন সফল করতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, ৫২তম সমাবর্তন প্রচার উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জিয়া রহমান, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।
উপাচার্য জানান, সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সভাপতিত্ব করবেন। বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের কসমিক রে রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তাকাকি কাজিতা। তাকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি প্রদান করা হবে। ৫২তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য ২০ হাজার ৭৯৬ জন গ্র্যাজুয়েট রেজিস্ট্রেশন করেছেন। অনুষ্ঠানে ৭৯ জন কৃতী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ৯৮টি স্বর্ণপদক, ৫৭ জনকে পিএইচডি, ছয় জনকে ডিবিএ এবং ১৪ জনকে এম ফিল ডিগ্রি প্রদান করা হবে। অধিভুক্ত সাত কলেজের রেজিস্ট্রেশনকৃত গ্র্যাজুয়েটগণ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ ভেন্যু থেকে সরাসরি সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন। উপাচার্য বলেন, সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্সবমুখর পরিবেশ বিরাজ করছে।