আইনজীবীসহ সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। গত শুক্রবার ও গতকাল শনিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
নোয়াখালী : মাইজদীতে জেলা জজ আদালতের আইনজীবী নজরুল ইসলাম নিজামী (৬০) ও কবিরহাট পৌর এলাকায় স্থানীয় নবারুণ সমবায় সমিতির অফিস সহায়ক আবু তাহের (৫৮) নিহত হয়েছেন। শুক্রবার পৃথক দুর্ঘটনা দুটি ঘটে। নিহত নজরুল ইসলাম জেলা পুলিশ ট্রেনিং সেন্টার সংলগ্ন এলাকার ও আবু তাহের কবিরহাট পৌরসভার জৈনদপুর গ্রামের।
পঞ্চগড় :পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুই জন নিহত ও দুই জন আহত হয়েছেন। নিহতরা হলেন—জেলার দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ধুলাঝারি গ্রামের অটোরিকশার চালক জাহাঙ্গীর আলম (৪২) ও একই এলাকার সবুজ রায় (২২)। গত শুক্রবার পঞ্চগড়-দেবীগঞ্জ সড়কের নগর সাকোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় গতকাল আল আমিন নামে এক পিকআপ ভ্যানচালক নিহত ও হেলপার আহত হয়েছেন। আল আমিন চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সাড়ে পাঁচানী গ্রামের মৃত. আবুল হাশেমের ছেলে।