সম্প্রতি সিটি করপোরেশনের আইন কর্মকর্তার দায়ের করা মামলার প্রেক্ষিতে মুখ খুলেছেন এমপি শামীম ওসমান। গতকাল শনিবার বিকালে নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে ফতুল্লা থানা আওয়ামী লীগের সম্মেলনে অতিথির বক্তব্যে তিনি বলেছেন, ‘মামলার আসামি করা হয়েছে আমাকে, করা হয়েছে আওয়ামী লীগের পোড়খাওয়া ত্যাগী নেতাদের। এই মামলাটি দিয়েছে ষড়যন্ত্রের কারণে।’ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘শামীম ওসমান থাকতে নেতাকর্মীদের ওপর আঘাত করবে আর তাতে নারায়ণগঞ্জ শান্ত থাকবে এটা যদি কেউ মনে করেন, তিনি বোকার রাজ্যে বাস করেন। আমার কর্মীর গায়ে একটা আঁচড় দিয়ে নারায়ণগঞ্জে এক ঘণ্টা কেউ আরামে ঘুমাতে পারবে না। আমার কথা কেউ হালকাভাবে নিবেন না।’
প্রসঙ্গত, ২০১৮ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ শহরে ফুটপাতে হকার বসানো নিয়ে সংঘর্ষের ঘটনায় আদালতের নির্দেশে সদর মডেল থানায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় মামলাটি রেকর্ড হয়েছে। মামলায় ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১ হাজার জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যার চেষ্টা, জখম, নাশকতা, ভাঙচুরসহ অরাজকতার অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, বিবাদীরা সকলেই এমপি শামীম ওসমানের ইন্ধনে ও প্ররোচণায় ঐ ঘটনা ঘটান।
সম্মেলনে শামীম ওসমান আরো বলেন, ‘আমি এখানে বক্তব্য রাখছি একজন আসামি হিসেবে। একটি মামলার আসামি আমি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ, দল ও দলের নেতাকর্মীদের ভালোবাসেন। তার আরেকটি বড়ো গুণ হচ্ছে তিনি নীলকণ্ঠী। সকল বিষ খেয়ে হজম করতে পারেন। আমি উনার মতো নীলকণ্ঠী হতে পারছি না। কতক্ষণ আর হজম করব। তাই এখানে এসে দাঁড়িয়েছি একজন আসামি হিসেবে।’