রাজধানীতে হঠাত্ দুই বাসে আগুন

এক ঘণ্টার ব্যবধানে গতকাল শনিবার দুপুরে রাজধানীর কাওরান বাজার ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে হঠাত্ দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে বিকাল ৩টার দিকে কাওরান বাজারের আন্ডারপাস ও ওভারব্রিজের মাঝামাঝি স্থানে ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন লাগে। অপরদিকে বিকাল ৪টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ইঞ্জিন ত্রুটির কারণে এ দুই বাসে আগুনের সূত্রপাত।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর-শাহবাগ রুটে ট্রাস্ট পরিবহনের বাসটি বিকাল তিনটার দিকে ফার্মগেট হয়ে শাহবাগের দিকে যাচ্ছিল। এ সময় কাওরান বাজারের আন্ডারপাস ও ওভারব্রিজের মাঝামাঝি স্থানে আসতেই ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকে। এ সময় ঐ বাসের যাত্রীরা জানালা ও দরজা দিয়ে বের হয়ে যান। এর অল্প সময় পরই পুরো বাসে আগুন ধরে যায়। ঘটনাস্থলে থাকা মেট্রোরেলের ট্রাফিক সুপার মোহাম্মদ আলীও একই কথা বলেন। বাসে আগুন লাগার কারণে কাওরান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলে। আগুনে পুরো বাস পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরের লিডার সাইদুজ্জামান জানান, ইঞ্জিন ত্রুটির কারণে বাসটিতে আগুন ধরে যায়।

এদিকে, গতকাল বিকাল পৌনে ৪টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিআরটিসির দোতলা বাসে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা খালেকুজ্জামান খান বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে চলতি বাসে আগুন লাগে। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। মিনিট চল্লিশের মধ্যেই আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা সম্ভব হয়। বাসটির সিট ও ইঞ্জিন পুড়ে গেছে।