পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গতকাল শনিবার দুপুরে বাড়ির পাশে খালে গোসল করতে নেমে লিজা আক্তার (১৫) ও জান্নাতি আক্তার (৭) নামের আপন দুই বোনের মৃত্যু হয়েছে। ছোটো বোন জান্নাতি স্রোতে ভেসে গেলে তাকে বাঁচাতে গিয়ে বড়ো বোন লিজাও পানিতে ডুবে যায়।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তারা দুই জনে ভাণ্ডারিয়া পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাজীপুর এলাকার বাসিন্দা আলী হোসেন তালুকদারের মেয়ে। লিজা গাজীপুর দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী এবং জান্নাতি দ্বিতীয় শ্রেণির ছাত্রী। দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের খালে গোসল করতে যায়। গোসল করে বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে স্বজনরা খোঁজাখুঁজির পরে খালে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে ভাণ্ডারিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন। দুই বোনের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।