কয়লাভিত্তিক প্রকল্প আত্মঘাতী, মূসক ছাড় আরো অপরিণামদর্শী

কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্রে ব্যবহারের জন্য কয়লা আমদানিতে জাতীয় রাজস্ব বোর্ডের ১০ ভাগ মূসক ছাড়ের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, বিদ্যুত্ উত্পাদন ব্যয় কমানোর যুক্তিতে এ সুবিধাটি দেওয়া হয়েছে; কিন্তু তার সুফল শেষ পর্যন্ত সত্যিকারভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছাবে কি না—সে বিষয়ে সন্দেহ রয়েছে। কয়লাভিত্তিক প্রকল্প আত্মঘাতী। এটি থেকেই সরকারের সরে আসা জরুরি। আর তাতে মূসক ছাড়ের সিদ্ধান্ত আরো বেশি অপরিণামদর্শী। 

গতকাল শনিবার এক বিবৃতিতে টিআইবি এ কথা বলে। বেসরকারি সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এ সিদ্ধান্ত সরকারের জাতীয় অঙ্গীকার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও প্যারিস চুক্তির পরিপন্থি। আমরা জানি সরকারের অঙ্গীকার আছে ২০২০ সালের মধ্যে নবায়নযোগ্য বিদ্যুত্ উত্পাদন হবে ১০ শতাংশ অথচ বর্তমানে এ হার ৪ শতাংশেরও কম। একইসঙ্গে, সরকার অঙ্গীকার করেছিল যে, ২০৫০ সালের মধ্যে ৫০ শতাংশ বিদ্যুত্ উত্পাদনে নবায়নযোগ্য পদ্ধতি অনুসরণ করা হবে; কিন্তু তা নিশ্চিতে প্রয়োজনীয় কর-সুবিধাসহ তেমন কোনো কৌশলগত ও  কার্যকর উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না।