জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জাপা কারো ব্যক্তিগত দল নয়, এই দল কারো জমিদারিও নয়, এটি সবার পার্টি। ৯১ সালের পর থেকে জুলুম-নির্যাতন আর হামলা-মামলা দিয়ে জাপাকে দুর্বল করার চেষ্টা চললেও কোনো সরকার তা পারেনি। তবে জাপা দুর্বল হয়েছে অভ্যন্তরীণ ষড়যন্ত্রে। এসব ষড়যন্ত্র থেকে দলকে রক্ষা করতে পার্টির নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। গতকাল শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক লিয়াকত হোসেন খোকা এমপির সভাপতিত্বে ও সদস্য সচিব বেলাল হোসেনের পরিচালনায় সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, এস এম ফয়সল চিশতী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। সম্মেলনে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নতুন কমিটির সভাপতি হিসেবে লিয়াকত হোসেন খোকা এমপি এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. বেলাল হোসেনের নাম ঘোষণা করেন জাপা চেয়ারম্যান জি এম কাদের।