যৌথ বিনিয়োগের মাধ্যমে শিল্প স্থাপনের আহ্বান

ভারতের সিআইআই বাণিজ্য প্রতিনিধিদলের

সঙ্গে রংপুরের ব্যবসায়ীদের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার, রংপুর

বাংলাদেশ ভারতের বিনিয়োগকারীদের যৌথ বিনিয়োগের মাধ্যমে শিল্পকারখানা স্থাপনের আহ্বান জানিয়েছেন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) উত্তরবঙ্গ জোনাল কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সনজিত্ সাহা। তিনি রংপুর বিভাগের ব্যবসায়ী ও শিল্পপতিদের ভারতের পশ্চিমঙ্গের শিলিগুড়িতে অনুষ্ঠিতব্য ৭ম উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানান। শনিবার রংপুর চেম্বার ভবনের আরসিসিআই মিলনায়তনে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। সিআইআই উত্তরবঙ্গ জোনাল কাউন্সিলের উদ্যোগে চতুর্দেশীয় আঞ্চলিক ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে আগামী ২১ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে ৭ম উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলন উপলক্ষ্যে ৯ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল এই মতবিনিময়ে অংশ নেয়। এতে রংপুর চেম্বার পরিচালনা পর্ষদ, আমদানি-রপ্তানিকারকবৃন্দ ও বিশিষ্ট শিল্পপতিরা উপস্থিত ছিলেন। রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু এতে সভাপতিত্ব করেন।

মতবিনিময় সভায় উভয় দেশের ব্যবসায়ীরা নিজ নিজ দেশের ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি সৈয়দপুর-বাগডোহরা বিমান যোগাযোগ চালুকরণ, ফরেন ইনভেস্টমেন্ট পলিসি শিথিলকরণ, জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে শিল্পকারখানা স্থাপনসহ বাংলাদেশের ভারতীয় ব্যবসায়ীদের আসার ক্ষেত্রে ভিসা জটিলতা নিরসনের আহ্বান জানান।

রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু বাংলাদেশিদের জন্য ভারতের সিকিম উন্মুক্ত করে দেওয়ায় ভারত সরকারকে আন্তরিক ধন্যবাদ জানানোর পাশাপাশি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারত সরকারের গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এছাড়া তিনি বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে ব্যবসায়িক যে সমস্যাগুলো রয়েছে তা আসন্ন ৭ম উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে লিখিতভাবে তুলে ধরার পাশাপাশি বাণিজ্য ঘাটতি দূরীকরণের ব্যাপারে রংপুর চেম্বারের পক্ষ থেকে ভারতের পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে। এছাড়া তিনি সিআইআইয়ের বাণিজ্য প্রতিনিধিদলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ অঞ্চলে কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিআইআইয়ের উত্তরবঙ্গ জোনাল কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ও কে টি করপোরেশনের পরিচালক কমল কিশোর তেওয়ারি, সিআইআই উত্তরবঙ্গ জোনাল কাউন্সিলের সদস্য রবি আগারওয়াল, সনজয় তাবরিয়াল, অমল মণ্ডল, ভিনয় কুমার গুলাতি, উত্তম কুমার সাহা, মান্না চৌধুরী, হেমন্ত আগারওয়াল ও সিআইআইয়ের নির্বাহী অফিসার শৈলেন্দ্র প্রধান, রংপুর চেম্বারের সিনিয়র সহসভাপতি মোজতোবা হোসেন রিপন, রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দসহ বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।