১২ কিলোমিটার রাস্তার বিভিন্ন অংশ নদীতে বিলীন

মোরেলগঞ্জের বহরবুনিয়া ইউনিয়ন

মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ১২ কিলোমিটার জুড়ে আধাপাকা, ইটসোলিং ও কাঁচা রাস্তা নদীগর্ভে চলে গেছে। ফলে উপজেলার সঙ্গে জনসাধারণের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ছে। ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতের পর এ রাস্তায় ধস নামে। সরেজমিনে জানা গেছে, পানগুছি নদীর তীরবর্তী এ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের জনসংখ্যা ৩৫ হাজার। লবণাক্ততার কারণে খাবার জলের সংকট রয়েছে। বুলবুলে ভাসিয়ে দিয়েছে খাবার পানির জন্য সরকারি পাঁচটি খাস পুকুর। নদীর তীরবর্তী ১২ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। এলাকাবাসীসহ শিক্ষার্থীদের নদীপথে ট্রলারযোগে যাতায়াত করতে হচ্ছে।

এ ইউনিয়নের বাসিন্দা হাসান আলী হাওলাদার ও ফুলহাতা গ্রামের মোহাম্মদ ফারুক হাওলাদার জানান, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ফুলহাতা লঞ্চঘাট হয়ে মোরেলগঞ্জ অভিমুখী কাটাখালের গোড়া পর্যন্ত দুই কিলোমিটার ইট সলিং রাস্তাটি পানির স্রোতে ভেঙে গেছে। এছাড়া এসবি বাজার হয়ে সাত কিলোমিটার কাঁচা রাস্তা, ফুলহাতা বাজার হয়ে ইউনিয়ন পরিষদমুখী সাত কিলোমিটার কার্পেটিং রাস্তার চলমান কাজের জন্য ইট তুলে ফেলায় দেড় কিলোমিটার ধরে রাস্তা ধসে গেছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মো. নাহিদুজ্জামান বলেন, নদীর পশ্চিম তীরবর্তী রাস্তা-বেড়িবাঁধটি ইউনিয়ন পরিষদের। তবে পানি উন্নয়ন বোর্ড মোরেলগঞ্জের পশ্চিম পাড়ের বেড়িবাঁধ নির্মাণে ৩৫/২ পোল্ডার প্রকল্প চালু করার চিন্তা করছে।