পিরোজপুর অফিস
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে যুদ্ধাপরাধী, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতিকে প্রতিহত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল অপরাধের বিচার নিশ্চিত করে দেশে আইনের শাসন কায়েম করেছেন। অথচ জিয়া-এরশাদ-খালেদা জিয়ারা স্বাধীনতাবিরোধী এবং বঙ্গবন্ধুর খুনিদের রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছেন। এ জঞ্জাল সরিয়ে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলস কাজ করে যাচ্ছেন।
রবিবার পিরোজপুর মুক্ত দিবসে গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আজ পিরোজপুর মুক্ত দিবসে উপস্থিত মুক্তিযোদ্ধাদের শপথ নিতে হবে যে যারা মুক্তিযোদ্ধাদের নির্বিচারে ফাঁসিতে ঝুলিয়েছে, যারা রাজাকার-আলবদরদের এদেশের প্রধানমন্ত্রী-মন্ত্রী বানিয়েছে তাদের সঙ্গে কখনো কোনো সম্পর্ক করা যাবে না।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে মহিলা সাংসদ শেখ এ্যানী রহমান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাড. এম এ হাকিম হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন।