টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
রাজৈর উপজেলার গ্রাম থেকে নিখোঁজ যুবকের লাশ পার্শ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপারের মাঠ থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের একদিন পর রবিবার রঞ্জন বালা নামের যুবকের লাশ মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠায়।
নিহত রঞ্জন বালা মাদারীপুরের রাজৈর উপজেলার উল্লাবাড়ী গ্রামের মৃত রণজিত্ বালার ছেলে ও গ্রিন লিপটি চা কোম্পানির ডিলার।
নিহতের স্ত্রী সুবর্ণা বালা জানান, শনিবার রাত ৮টার দিকে স্বামীর সঙ্গে তার মোবাইলে শেষ কথা হয়। তখন তিনি (রঞ্জন বালা) বলেন আজ বাড়ি ফিরবেন না। কে বা কারা আমার স্বামীকে হত্যা করে ঐ স্থানে ফেলে গেছে।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল বাসার জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। লাশের পাশে যৌন উত্তেজক ওষুধের বোতল পাওয়া যায়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য উদঘাটন হবে।