বাঁশখালীতে আগুনে পুড়ে গেছে তিন বসতঘর

চার জন আহত

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের তিনটি বসতঘর পুঁড়ে গেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও আগুন নিভাতে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের চার সদস্য আহত হয়। রবিবার সকালে স্থানীয় সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে দুই বস্তা করে চাউল ও কম্বল দেওয়া হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে ১ নম্বর ওয়ার্ডের খলিলুর রহমান, আবদুল মান্নান, নাছিমা আক্তার, শফিকুর রহমান ও গিয়াস উদ্দিনের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ডা. আবদুল মান্নান বলেন, ‘অগ্নিকাণ্ডে আমাদের পাঁচ পরিবারের সম্পূর্ণ মালামাল, গৃহপালিত পশু, স্বর্ণালংকার, নগদ টাকা, পাঁচ পরিবারের সদস্যদের সব শিক্ষাগত সনদপত্র, জাতীয় পরিচয়পত্রসহ যাবতীয় দলিলপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে আমরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছি।’

ফায়ার সার্ভিস কর্মকর্তা লিটন বৈষ্ণব বলেন, ‘সরল ইউনিয়নে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।’