রাজৈরে ‘ভুয়া র্যাব’ আটক

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

মাদারীপুরের রাজৈরে জাহিদ শিকদার নামের এক ভুয়া র্যাব সদস্যকে আটক করে রবিবার পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। উপজেলার টেকেরহাট বন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানায়, জাহিদ শিকদার র্যাব পরিচয়ে দীর্ঘদিন যাবত্ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। কিছুদিন আগে একজন ইজিবাইক চালকের কাছ থেকে সে টাকা ধার নেয়। রবিবার টেকেরহাট বন্দরে জাহিদকে দেখতে পেয়ে স্থানীয়রা আটক করে পুলিশে তুলে দেয়। এসময় তার কাছ থেকে একটি খেলনা ওয়াকিটকি পাওয়া যায়।

জাহিদ শিকদার গোপালগঞ্জ জেলার সোনাকোড় এলাকার মো. রিজু শিকদারের ছেলে। বর্তমানে সে বরিশাল কাউনিয়া হাউজিং এলাকায় বসবাস করে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান জানান, জাহিদ শিকদার বিভিন্ন পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা আত্মসাত্ করে। টেকেরহাট বন্দরে তাকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে।