বশেমুরবিপ্রবি সংবাদদাতা
তিন দফা দাবিতে রবিবার মানববন্ধন করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ১৭৬ জন অস্থায়ী কর্মচারী। চাকরি স্থায়ীকরণ, বকেয়া বেতন পরিশোধ ও স্থায়ী নীতিমালা প্রণয়নের দাবিতে তারা মানববন্ধন করেন।
রবিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন হয়। মানববন্ধন শেষে তারা উপাচার্য (ভারপ্রাপ্ত) বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে মো. রফিকুল ইসলাম বলেন, দৈনিক স্বল্প মজুরির ভিত্তিতে আমাদের নিয়োগ দেওয়া হয়। আমাদের বলা হয়েছিল চাকরি স্থায়ী করা হবে। কিন্তু দীর্ঘদিন পার হলেও আমাদের চাকরি স্থায়ী করা হয়নি। এমনকি গত পাঁচ মাস ধরে আমাদের বেতনও বন্ধ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শাহজাহনের বক্তব্য নিতে গেলে তিনি মিটিংয়ের ব্যস্ততা দেখিয়ে পরে যোগাযোগ করতে বলেন।