ইত্তেফাক ডেস্ক
বর্ণাঢ্য আয়োজনে রবিবার দেশের বিভিন্ন স্থানে মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
পিরোজপুর: পিরোজপুরে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠের স্বাধীনতা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া শহরের ভাগিরথী চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। এর আগে শহিদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। আরো বক্তব্য রাখেন মহিলা এমপি শেখ এ্যানী রহমান, পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হওলাদার, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এছাড়া বিশিষ্ট মুক্তিযোদ্ধা শামছুল হক খান, হাবিবুর রহমান সিকদার ও মতিউর রহমানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
কুমিল্লা: নগর উদ্যানের পাশে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন, সংরক্ষিত মহিলা আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আবদুল্লাহ আল-মামুন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফিউল আহমেদ বাবুল প্রমুখ।
মেলান্দহ (জামালপুর): মেলান্দহে উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
এছাড়া উপজেলা প্রশাসন বর্ণাঢ্য র্যালি, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণসহ তাত্পর্য শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ইউএনও তামিম আল ইয়ামীন এতে সভাপতিত্ব করেন।
লোহাগড়া (নড়াইল): মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে লোহাগড়া মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, পতাকা উত্তোলন ও শহিদদের কবর জিয়ারত করা হয়। এরপর শহরে র্যালি বের হয় এবং আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। লোহাগড়া মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্রের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা।
রামগড় (খাগড়াছড়ি): উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে লেকপার্কে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘বিজয়’ বেদিতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিজয় চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মফিজুর রহমান, মো. মোস্তফা প্রমুখ।