বন্দরনগরী চট্টগ্রামের পটিয়া উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার পূর্বে হাইদগাঁও গ্রামের পাহাড় এলাকায় প্রায় ৭০ বছর আগে প্রাকৃতিক সম্পদ গ্যাসের সন্ধান পাওয়া যায়। পরিত্যক্ত গ্যাসকূপের আশেপাশের খালসহ বিস্তীর্ণ এলাকাজুড়ে অনবরত দাউ দাউ করে আগুন জ্বলা ও বুদবুদ করে গ্যাস নির্গত হওয়ার কারণে এর নাম দেওয়া হয় ‘বুদবুদি ছড়া’। প্রায় ৭০ বছর আগে আবিষ্কৃৃত সম্ভাবনাময় এ গ্যাসক্ষেত্র থেকে সংরক্ষিত খনিজ সম্পদ অবহেলায় উত্তোলন করা সম্ভব না হলেও আশপাশের নয়নাভিরাম পাহাড়ি এলাকা ইঙ্গিত দিচ্ছে অপর আরেক সম্ভাবনার। ইতিমধ্যে এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করছে প্রকৃতিপ্রেমীদের। বুদবুদি ছড়ার প্রাকৃতিক গ্যাস থেকে আগুন জ্বলা দৃশ্যের পাশাপাশি এর পাহাড়ি এলাকা প্রকৃতিতে দিয়েছে ভিন্ন রূপ। এখানে রয়েছে পাহাড় থেকে নেমে আসা খাল, প্রাকৃতিক ঝরনা ও ছোটো ছোটো লেক। অন্যদিকে রয়েছে নানা প্রজাতির পাহাড়ি বৃক্ষ, যা এই এলাকাকে দৃষ্টিনন্দন স্পটে পরিণত করেছে। পর্যকটরা শীত মৌসুমে হুমড়ি খেয়ে পড়ে ওই এলাকায়। উদ্যোগ নিলে, সম্ভাবনাময় এই এলাকাটি হতে পারে চট্টগ্রামের আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মোহাম্মদ সাখাওয়াত হোসেন
পটিয়া, চট্টগ্রাম