‘জননীতি বাস্তবায়নে অদক্ষতাই বড়ো চ্যালেঞ্জ’

ইত্তেফাক রিপোর্ট

জননীতি বা পাবলিক পলিসির যথাযথ বাস্তবায়নে দক্ষতার বিকল্প নেই। কিন্তু এটি বাস্তবায়নে সবচেয়ে বড়ো বাধা অদক্ষতা। গতকাল রবিবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ‘সফল নীতি বাস্তবায়ন : বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এ কথা বলেন। তিনি বলেন, দেশপ্রেম এবং চেতনা সফল নীতি বাস্তবায়নের পূর্বশর্ত। সরকার উন্নয়নমূলক ও কল্যাণমূলক নীতি প্রণয়ন করে। কিন্তু নাগরিকদের দায়িত্বশীল আচরণ ও ইতিবাচক মনোভঙ্গি সমাজ পরিবর্তনের জন্য অপরিহার্য। উপরের দিকে চেয়ে না থেকে নিজ নিজ অবস্থানে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

জাদুঘরের জনপ্রিয় বিজ্ঞান বক্তৃতা কর্মসূচির আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভার্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টের (বিআইজিএম) ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এ সময় বিআইজিএমর মুখ্য সমন্বয়কারী প্রণব চক্রবর্তী এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী বক্তব্য রাখেন।