ইন্টারনেট থেকে মিথিলা-ফাহমির অন্তরঙ্গ ছবি সরিয়ে ফেলার নির্দেশ

ইত্তেফাক রিপোর্ট

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির ব্যক্তিগত গোপনীয়তাকে ক্ষুণ্ন করছে এমন সব ছবি ও ভিডিও ইন্টারনেট, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অবিলম্বে সরিয়ে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। এছাড়া অনুমতি ছাড়া অনলাইন মিডিয়া, নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ব্যক্তির গোপনীয়তাকে ক্ষুণ্ন করে এমন সব ছবি, ভিডিও প্রচার ও প্রকাশের ক্ষেত্রে বিবাদীদের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব, তথ্য সচিব, বিটিআরসির চেয়ারম্যানকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত নভেম্বর মাসে মিথিলা ও ফাহমির ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তখন কারো ব্যক্তিগত গোপনীয়তাকে ক্ষুণ্ন করছে এমন সব ছবি অনুমতি ছাড়া প্রচার ও প্রকাশের ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী তাহসিনা তাসনিম মৃদু।

রিটে বলা হয়, সেলিব্রেটিদের বা সাধারণ মানুষের ব্যক্তিগত গোপনীয় ছবি ছাপিয়ে বিভিন্ন নিউজ পোর্টাল দিনের পর নিউজ করে যাচ্ছে। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যক্তিগত ও অশ্লীল ছবি ছড়িয়ে পড়ছে। জাতীয় সম্প্রচার নীতিমালা অনুসারে এমন কোনো অপমানজনক ছবি প্রকাশ করা যাবে না যা ব্যক্তির আত্মমর্যাদাকে ক্ষুণ্ন করে। আবেদনের পক্ষে রিট আবেদনকারী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। শুনানি শেষে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন আদেশের পাশাপাশি রুল জারি করে।