এসআই ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আট জন নিহত হয়েছেন। গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
মঠবাড়িয়া (পিরোজপুর) :মঠবাড়িয়ায় যাত্রীবাহী ঈগল পরিবহন বাসের ধাক্কায় মুক্তিযোদ্ধাসহ তিন ইজিবাইক আরোহী নিহত হয়েছেন। গতকাল মঠবাড়িয়া-চরখালী সড়কের মুসল্লীবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মঠবাড়িয়ার দেবীপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবু জাফর হাওলাদার (৬৫), একই গ্রামের ইজিবাইক চালক মো. বেলায়েত হোসেন (৪০) ও অজ্ঞাত একজন (২৭)।
বাগেরহাট :বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মো. রেজাউল করিম (৫৫) নামে পুলিশের এক এসআই নিহত হয়েছেন। গতকাল খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। রেজাউল করিমের বাড়ি মাগুরায়। তিনি বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) মোল্লাহাট-তিলমারীতে কর্মরত ছিলেন।
শিবালয় (মানিকগঞ্জ) :ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় থানাধীন মহাদেবপুর রুমি ফিলিং স্টেশনের সামনে গতকাল বাসের চাপায় হাবিবুর রহমান (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বনগ্রাম এলাকার।
জগন্নাথপুর (সুনামগঞ্জ) :জগন্নাথপুর থেকে রানীগঞ্জ যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া (আমবাড়ি) গ্রামের মোর্শেদ মিয়া (৩০) ও একই গ্রামের শারজান মিয়া (২৫) নিহত হয়েছেন।
পাটগ্রাম (লালমনিরহাট):পাটগ্রামে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহীন মিয়া (৩৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল বুড়িমারী স্থলবন্দর-পাটগ্রাম মহাসড়কের ঘুন্টি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। শাহীন বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর ডাঙ্গাপাড়ার।