চবির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বাসযাত্রী আটক

চবি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মো. মানিক মিয়া নামে এক বাসযাত্রীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার সহপাঠীরা। মানিক মিয়া হাটহাজারী উপজেলার মন্দাকিনি এলাকার বাসিন্দা। গতকাল রবিবার নগরীর মুরাদপুর থেকে বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে তিন নম্বর বাসে এ ঘটনা ঘটে।

জানা যায়, চবির ঐ ছাত্রী নগরীর মুরাদপুর থেকে ৩ নম্বর বাসে করে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। বাসের পেছনে বসা এক যাত্রী তাকে যৌন হয়রানি করলে তিনি প্রতিবাদ করেন। পরে বাসে থাকা সহপাঠীরা ঐ যাত্রীকে ধরে বিশ্ববিদ্যালয়ের ওয়াচ টাওয়ারে নিয়ে যায়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম ইত্তেফাককে জানান, অভিযুক্ত বাসযাত্রী থানায় আটক রয়েছেন। ভুক্তভোগী ছাত্রীর লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।