মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ ও জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজার বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পৌর পরিষদ। রবিবার দুপুরে পৌর মিলনায়তনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পৌর মেয়র মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম।
লিখিত বক্তব্যে পৌর মেয়র জানান, গত ১ ডিসেম্বর সদর উপজেলার জয়রা গ্রামের মো. মোস্তফার ছেলে রুস্তম আলীর ওপর হামলার ঘটনা ঘটে। এতে আব্দুল জলিল বাদী হয়ে পরদিন মানিকগঞ্জ থানায় একটি মামলা করেন। ঐ মামলায় মানিকগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌর সভার প্যানেল মেয়র-২ আব্দুর রাজ্জাক রাজাকে অসত্ উদ্দেশ্যে রাজনৈতিক সুবিধা লাভের আশায় ঘটনার সঙ্গে জড়িত না থাকা সত্ত্বেও আসামি করা হয়েছে। জরুরি সভা ডেকে এ ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয় মানিকগঞ্জ পৌর পরিষদের পক্ষ থেকে।
পৌর মেয়র বলেন, কাউন্সিলর রাজ্জাকের ওয়ার্ডে প্রায় পৌনে ৩ কোটি টাকার কাজ চলমান রয়েছে। স্বার্থান্বেষী মহল রাজনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যে পৌরসভার প্যানেল মেয়র-২ আব্দুর রাজ্জাক রাজাকে অন্যায়ভাবে মামলায় যুক্ত করেছে। কাউন্সিলর আব্দুর রাজ্জাকের অনুপস্থিতিতে উন্নয়ন কাজ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পৌরসভার পক্ষ থেকে রেজুলেশনের মাধ্যমে বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে মিথ্যা মামলা থেকে আব্দুর রাজ্জাক রাজার নাম প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আরশেদ আলী বিশ্বাস, কাউন্সিলর সুভাষ সরকার, প্যানেল মেয়র-৩ জেসমিন আক্তার, কাউন্সিলর সাবিবা হাবিব, কাউন্সিলর আব্দুর রাজ্জাক, কাউন্সিলর ছানোয়ার রহমান, কাউন্সিলর সালাহ উদ্দিন, কাউন্সিলর আবুল কালাম আজাদ ও কাউন্সিলর নার্গিস আক্তার।