নিউ ইয়র্কের এক শিল্পী ডেডিভ ডাটুনা খেয়ে ফেলেছেন ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় ১ কোটির বেশি) মূল্যের একটি শিল্পকর্ম। কমেডিয়ান শিরোনামে পাকা কলার ঐ শিল্পকর্মটি ইতালীয় শিল্পী মৌরিজিও কাটেলানের তৈরি। যুক্তরাষ্ট্রের মিয়ামির আর্ট বাসেলের আন্তর্জাতিক গ্যালারি পেরেটিনে তা প্রদর্শন করা হচ্ছিল। পাকা কলাটি স্কচ টেপে দেওয়ালে বাঁধানো ছিল।
গত সপ্তাহে তিন জন ক্রেতা সীমিত সংস্করণের এ শিল্পকর্মটি কিনেছিলেন। কিন্তু পারফরমেন্স আর্টিস্ট ডেভিড ডাটুনা গ্যালারির দেওয়াল থেকে তা খুলে শনিবার খেয়ে ফেলেন। তার দাবি, ক্ষুধার্ত থাকায় গ্যালারির দেওয়ালে লাগানো কলাটি খেয়ে ফেলেন। ইন্সটাগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, মৌরিজিও কাটেলানের শিল্পকর্ম পছন্দ করি। এ প্রদর্শন আমার সত্যিকার অর্থেই পছন্দ হয়েছে। এটি ছিল খুব সুস্বাদু।
ঘটনার পর প্রথমে গ্যালারির কর্মকর্তারা ক্ষুব্ধ হলেও পরে দেওয়ালে নতুন কলা লাগানো হয়েছে। ডেভিডের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এ ঘটনাটি শিল্পকর্মের জন্য নতুন অর্থ হাজির করেছে বলে দাবি গ্যালারির প্রতিষ্ঠাতা এমানুয়েল পেরোটিনের। তিনি বলেন, মৌরিজিওর কাজ শুধু বস্তুর বিষয়ে নয়, তার কাজ হলো বস্তু কীভাবে স্থানান্তরিত হয়। গ্যালারির পরিচালক লুসিয়েন টেরাস বলেন, ডাটুনা শিল্পকর্মটি ধ্বংস করে ফেলেননি। কলা ছিল একটি আইডিয়া মাত্র। কয়েক মিনিট পরেই দেওয়ালে আরেকটি কলা লাগানো হয়েছে। আইডিয়ার মৃত্যু নেই, তা বেঁচে থাকে। কলার শিল্পকর্মটি পাহারা দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। খবর :বিবিসি।