কাশ্মীরিদের মুক্তি দিন ইন্টারনেট চালু করুন

কাশ্মীরের সার্বিক পরিস্থিতি নিয়ে ফের সরব হলো মার্কিন কংগ্রেস। উপত্যকায় আটক সব রাজনৈতিক বন্দিকে মুক্তি ছাড়াও সেখানকার যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের কাছে অনুরোধ করেছেন কংগ্রেসম্যানরা। এই মর্মে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাবও পাশ হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভির

৭৪৫ নম্বর সমাধান প্রস্তাবটি শুক্রবার পেশ করেন ভারতীয় মার্কিন ডেমোক্র্যাট ও প্রতিনিধি পরিষদের সদস্য প্রমীলা জয়পাল ও রিপাবলিকানের স্টিভ ওয়াটকিন্স। এ পর্যন্ত মার্কিন কংগ্রেসে জম্মু-কাশ্মীর নিয়ে দুটি আলোচনা হয়েছে। প্রস্তাবে ভারত সরকারের কাছে আবেদন করে বলা হয়েছে, অবিলম্বে জম্মু-কাশ্মীরে আটক সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হোক। সেইসঙ্গে ইন্টারনেটসহ যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে হবে। কাশ্মীরের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করার কথাও বলা হয়েছে ঐ প্রস্তাবে।

গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর থেকেই উপত্যকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করে সেখানে নিষেধাজ্ঞার কড়াকড়ি শুরু করে নরেন্দ্র মোদির সরকার। কারফিউ জারি করা, তিন জন সাবেক মুখ্যমন্ত্রীসহ বহু রাজনৈতিক নেতার আটক করে রাখা থেকে শুরু করে সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়। বন্ধ রাখা হয় উপত্যকার স্কুল-কলেজ-দোকানপাট-অফিস। উপত্যকায় জঙ্গি সন্ত্রাসের আশঙ্কাতেই এত কড়াকড়ি বলে দাবি করে নরেন্দ্র মোদির সরকার। এদিকে প্রতিনিধি পরিষদের প্রস্তাব পাশ হওয়াকে স্বাগত জানিয়েছেন কংগ্রেসের এমপি শশী থারুর। বিজেপি তার এ ভূমিকার কড়া সমালোচনা করেছে।