শীতের ফ্যাশনে ওয়েস্টার্ন কুলনেস

 

 

l নওশীন শর্মিলী

 

শীতের পোশাক-পরিচ্ছেদে তারুণ্যের পছন্দ দেশের সীমানা ছাড়িয়ে পশ্চিমমুখী হয়ে আছে অনেক আগে থেকেই। এ সময়কার তরুণদের ফ্যাশনেও পশ্চিমা প্রভাব বেশ স্পষ্ট। এই ফ্যাশনধারাকেই অনুসরণ করে শীতের আয়োজন সাজিয়েছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলো। তাদের আউটলেটে ট্রেন্ডি ও শীতে আরামদায়ক এমন কাপড়ই প্রাধান্য পেয়েছে। পিউরলেদারের জ্যাকেট, ফ্লিস কাপড়ের হুডিসহ আছে ইয়ার্ন বৈচিত্র্যের সোয়েটারও। হালকা বা ভারি শীত-পোশাকের পাশাপাশি তাদের আয়োজনে আছে সাশ্রয়ী ফ্যাশন অনুষঙ্গও। ফ্যাশন তখনই স্বয়ংসম্পূর্ণ হয়, যদি তাতে সমকালীন রুচির প্রকাশ ঘটে। এ কারণেই দেশি ব্র্যান্ডগুলো পাশ্চাত্য ট্রেন্ড অনুসরণ করে আভিজাত্যের মিশেলে শীতের জন্য তৈরি করেছে ফেস্টিভ ও স্ট্রিট ক্যাজুয়াল ফ্যাশন আউটফিট।

এখনো শীত কম, তবুও শীত পোশাকের বাহারে কমতি নেই। কম ঠান্ডায় পরার উপযোগী করেই বানানো হয়েছে এ সময়ের শীতের পোশাক। বেশি শীতে সোয়েটারের বিকল্প আর কী হতে পারে। টিন থেকে তরুণী সবার গায়েই এখন নানা ধরনের নানা রঙের সোয়েটার দেখা যাচ্ছে। বেশ কয়েক বছর আগেও ভারী বোতামযুক্ত, কোমর পর্যন্ত লম্বা শর্ট সোয়েটারের দাপট ছিল। তবে গত বছর তা থেকে বেরিয়ে এসেছে ফ্যাশনসচেতনরা। তাদের পছন্দের তালিকায় যোগ হয়েছে নানা কাটের লং সোয়েটার, কার্ডিগান বা লেয়ারিং পণ্য। সর্বশেষ কালার চার্ট ও প্যাটার্নে তৈরি এসব বৈচিত্র্যপূর্ণ পোশাকে থাকছে ডিজাইন, ফিটিংস ও কাপড়ের ভিন্নতা। তরুণ-তরুণীদের জন্য রেডি টু ওয়্যার আউটফিট হিসেবে এবার হালকা শীতে থাকছে জ্যাকেট, কটি, সোয়েটার, ডেনিম ও শ্রাগ। লেয়ারিং ফ্যাশন ট্রেন্ডের আদলে শীত-পোশাকে প্রাধান্য পেয়েছে রঙের বর্ণিলতা। হালকা শহুরে শীতে পরার উপযোগী নিট কাপড়ের ইনার পোলো, শ্রাগ ও টি-শার্টও সব বয়সীর জন্য ফ্যাশনে ইন। তরুণ প্রজন্মের গতির সঙ্গে তাল মিলিয়ে ফ্যাশন এখন আর স্ট্যাটিক কনসেপ্ট নয়। সময় ও ঋতুর সঙ্গে পাল্লা দিয়ে ক্রমশ বদলাতে থাকে ফ্যাশন স্টেটমেন্ট। তাই ওয়ার্ডরোবে থাকতে হবে সময়োপযোগী পোশাক। ঋতুর সঙ্গে তাল মিলিয়ে ঠিক কী রকম হওয়া উচিত আউটলুক? তবে এখনো যেহেতু শীতের প্রকোপ কম, তাই এই সময় সঙ্গী হতে পারে হালকা কিন্তু ফ্যাশনেবল শীতের পোশাক। শ্রাগ, হুটি, লং কটি, পাতলা সোয়েটার বা ভারী ফ্লিস নিটের রাউন্ডনেক আর ডেনিমই হতে পারে ফ্যাশনিস্তাদের সঠিক স্ট্রিটওয়্যার! তাই ভারী সোয়েটার, জ্যাকেট, শাল, কানটুপি তীব্র শীতের জন্য তুলে রেখে তার পরিবর্তে পরতে পারেন ভারী কাপড়ের টপস, বিভিন্ন ডিজাইনের লং কার্ডিগান বা পাতলা সোয়েটারও। এছাড়াও আঁটসাঁট জিন্স বা জেগিন্স পরার মোক্ষম সময় এখনই। শীতে অনেকেই জিন্স টপ খুঁজে নেন। তাদের জন্যই এ ধরনের সোয়েটার বিশেষভাবে উপযোগী। আকাশি, সাদা ও কালোর ওপর স্ট্রাইপ দেওয়া সোয়েটারও খুব চলছে। সোয়েটারের গলায় ওভার ফ্লিপ ডিজাইন করা, যা স্কার্ফের বিকল্প হিসেবেও কাজ করে। লং সোয়েটারে আরো নতুনত্ব বাড়ানোর জন্য এর মধ্যে কুচি দেওয়া হচ্ছে। এগুলো সম্পূর্ণ আঁটসাঁট নয়, ঢোলাঢালা ও ঘের দেওয়া। নিট কাপড় ছাড়াও পশমি উল ও ক্রুশ কাজের লং সোয়েটারও পরছেন অনেকে। পাশ্চাত্য ফ্যাশনকে দেশীয় ট্রেন্ডনির্ভর করে শীতের পোশাক তৈরি করেছে ফ্যাশন হাউসগুলো। সমকালীন কালার চার্ট ও প্যাটার্নের পাশাপাশি স্যোশাল মিডিয়া প্লাটফর্মের জনপ্রিয় ট্রেন্ড স্থান পেয়েছে রেডি টু ওয়্যারে। সেইসঙ্গে শীত অনুসঙ্গও রয়েছে পুরোটাই তারুণ্যের সঙ্গে মিলিয়ে। আর শীতের ফ্যাশনে ওয়েস্টার্ন কুলনেস পেতে এসব পোশাকগুলো পাওয়া যাবে দেশীয় ওয়েস্টার্ন ব্র্যান্ড এ্যাসটেসি, ক্যাটস আই, জেন্টল পার্ক, মিথ, সেইলরের আউটলেটগুলোতে।

                 মডেল      অপূর্ব ও মোহিনী

             মেকআপ     রাতুল

              পোশাক     মিথ

               ছবি      সাগর হিমু